কলকাতা: রাজ্যের শিক্ষাক্ষেত্রে কর্মরত একাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে তাঁদের মোট ডিএ বেড়ে ১৬১ শতাংশ থেকে ১৭১ শতাংশে দাঁড়াবে।
সরকার আগেই জানিয়েছিল ২০২৪ ও ২০২৫ সালে ধাপে ধাপে মোট ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে। সেই ঘোষণার প্রথম ধাপ হিসেবে ২০২৫ সালের এপ্রিল মাসে ১০ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছিল। দ্বিতীয় দফার বাকি ১০ শতাংশ দেওয়ার কথা ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার অবশিষ্ট অংশের বৃদ্ধির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
এই সুবিধা পাবেন অ্যাংলো ইন্ডিয়ান স্কুল, ডিএ প্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি সংস্কৃত টোলের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, এই বৃদ্ধি ২০২৫ সালের এপ্রিল থেকেই কার্যকর ধরা হবে। ফলে সংশ্লিষ্ট কর্মীরা বাড়তি ডিএ ছাড়াও প্রায় এক বছরের বকেয়া অর্থ এরিয়ার্স হিসেবে হাতে পাবেন।




