নয়াদিল্লি: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছয় বছরের এক শিশুকন্যার। আহত হয়েছেন তার ঠাকুমা৷ তাঁর নাম মার্সি জেভিয়ার। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায়৷ দুর্ঘটনার পর সাহায্য না পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে নাতনিকে রিকশায় করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তাঁর ঠাকুমা মার্সি। আচমকা দ্রুতগতির একটি গাড়ি এসে রিকশাটিকে ধাক্কা মারে। তীব্র আঘাতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বৃদ্ধার কথায়, কিছুক্ষণ অচেতন থাকার পর জ্ঞান ফিরলে দেখেন তাঁর নাতনি গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। নিজের আঘাতের যন্ত্রণা ভুলে তিনি সাহায্যের জন্য চিৎকার করেন।
অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মানুষ দাঁড়িয়ে দেখলেও কেউ তৎক্ষণাৎ সাহায্যে এগিয়ে আসেননি। এমনকি এক গাড়িচালককে অনুরোধ করা হলেও তিনি সাহায্য না করে চলে যান বলে দাবি আহত বৃদ্ধার। পরে কয়েক জন পথচারী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে আলাদা আইনি পদক্ষেপ না করলেও প্রশাসনের কাছে তাঁদের আবেদন বেপরোয়া গাড়ি চালানো বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তাঁর কথায়, এ ধরনের দুর্ঘটনা মুহূর্তে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য রয়েছে। তাঁদের দাবি, স্পিড নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।




