নয়াদিল্লি: রাজ্যসভার শূন্য আসন পূরণে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি জারি হবে ২৬ ফেব্রুয়ারি। ওই দিন থেকেই মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। প্রার্থীরা ৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। যাচাই-বাছাইয়ের পর ৯ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর একই দিন গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করা হবে।
এই দফায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ছত্তিশগড়, তেলেঙ্গানা, হরিয়ানা ও হিমাচল প্রদেশে নির্বাচন হবে। একাধিক আসন থাকা রাজ্যগুলিতে দলগুলির অঙ্ক কষা শুরু হয়েছে, কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার হিসাবই ফল নির্ধারণে প্রধান ভূমিকা নেয়।
রাজ্যসভা নির্বাচনে সাধারণ ভোটাররা অংশ নেন না, সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কেরাই ভোট দেন। একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতিতে এই নির্বাচন হয়, ফলে সংখ্যার অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কখনও কখনও জোট সমীকরণ বা ক্রস ভোটিং ফলাফলে চমক আনতে পারে।




