কলকাতা: ফাল্গুন মাসের শুরুতেই কলকাতায় শীতের আমেজ ক্রমশ কমতে শুরু করেছে। মঙ্গলবার শহরের দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে দিনের ও রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।
ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩–৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রাতের শীতের অনুভূতি ক্রমশ কমছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭–১৯ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় কুয়াশার মাত্রা কিছুটা বেশি থাকতে পারে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ফলে শীতল হাওয়ার প্রভাব কমছে। মালদা ও নিচু এলাকার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও দিনের পারদ কিছুটা বৃদ্ধি পাবে।
সারা সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে এরপর ধীরে ধীরে ২–৩ ডিগ্রি বাড়বে। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আর ১৫ ডিগ্রির নিচে নামবে না। ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং শুষ্ক পরিস্থিতি বজায় থাকবে।
শীতের শেষের এই পর্যায়ে দক্ষিণবঙ্গ ও কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় উষ্ণতা এবং রাতের বেলায় হালকা শীত অনুভূত হবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। এই সপ্তাহ থেকে রাজ্যে শীত বিদায় নিচ্ছে এবং ফেব্রুয়ারির শেষের দিকে উষ্ণ আবহাওয়া পুরো রাজ্যে বিরাজ করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷




