কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য জুড়ে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিতরণে জোর দিচ্ছে প্রশাসন। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই জেলায় জেলায় ধাপে ধাপে ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। চলতি বছরে প্রায় সাড়ে ১২ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প চালু হয়। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ শিক্ষার্থী সাইকেল পেয়েছিল। পরে নিয়ম বদলে এখন নবম শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের এই সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় ৯ হাজার স্কুল প্রকল্পের আওতায় রয়েছে।
সরকারি হিসাব বলছে, গত বছর প্রায় ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়া সাইকেল পেয়েছিল। এ বছর সেই সংখ্যা বেড়ে প্রায় ১২ লক্ষ ৪৭ হাজারে পৌঁছতে পারে বলে অনুমান প্রশাসনের। শুরু থেকে এখনও পর্যন্ত এক কোটি ৩৮ লক্ষের বেশি শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই প্রশাসনিক সদর দফতর নবান্ন বিভিন্ন জনমুখী প্রকল্প দ্রুত বাস্তবায়নে তৎপর হয়েছে। স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করছে।




