কলকাতা: যুবসাথী প্রকল্পে প্রথম দুই দিনে জমা পড়েছে ১৪ লক্ষের বেশি আবেদন। রাজ্যের বিভিন্ন জেলায় ‘দুয়ারে সরকার’ শিবিরে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যুবকরা প্রকল্পের সুযোগ নিচ্ছেন। এমএ, পিএইচডি, বিটেকসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার যুবকরা যারা এখনও চাকরি পাননি, তাঁরা এই প্রকল্পের জন্য আগ্রহ দেখিয়েছেন।
প্রথম দিনে মোট আবেদন ছিল ৬ লক্ষ ৫৫ হাজার ৮৯৩। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৮ লক্ষ ৮০ হাজার ৫৫৭। শিবির ও অনলাইন মিলিয়ে মোট আবেদন সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৪ হাজার ৮১২। রাজ্যের মোট ১৬০৪টি শিবিরে ১৩ লক্ষ ৪৪ হাজার ৮১২ জন আবেদন করেছেন। অনলাইনে লক্ষাধিক আবেদন জমা পড়েছে।
জেলার ভিত্তিতে পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন এসেছে মুর্শিদাবাদে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এরপর ক্রমে আছে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ও কলকাতা। সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং, দার্জিলিং, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে।
অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে। https://apas.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন। শিবির ও অনলাইন মিলিয়ে আবেদন করার ফলে রাজ্যের সব প্রান্তের যুবকরা সহজে প্রকল্পের সুবিধা নিতে পারছেন। যুবসাথী প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের বেকার যুবকদের চাকরির জন্য প্রস্তুত করা এবং তাদের আত্মনির্ভরশীল করা। শুধু চাকরির সুযোগ নয়, প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্টের সুবিধাও দেওয়া হচ্ছে৷




