কলকাতা: অফলাইনের চাপ কমাতে রবিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিন অফলাইনে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় চাপ কমাতে এবং আবেদনকারীদের সুবিধা বাড়াতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এখন https://apas.wb.gov.in পোর্টালে লগইন করেই বাড়ি বসে আবেদন জমা দেওয়া সম্ভব।
সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যজুড়ে আয়োজিত ৭৬৯টি শিবিরে মোট ৬ লক্ষ ২৯ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার আবেদন জমা পড়েছে শুধুমাত্র যুবসাথী প্রকল্পে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ৩১ হাজার এবং খেতমজুরদের আর্থিক সহায়তা সংক্রান্ত আবেদন ও তথ্য জানতে প্রায় ৩৬ হাজার মানুষ শিবিরে আসেন।
আবেদন করতে হলে প্রথমে পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথির তালিকায় রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার আইডি, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের স্পষ্ট ছবি। সব নথি আপলোডের পর আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে বসালেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন সফল হলে তার কপি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আবেদনকারীদের পোর্টালের নির্দেশিকা মনোযোগ দিয়ে পড়ে দেখার কথা বলা হয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করা যাবে। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন। প্রথমে ১৫ আগস্ট চালুর কথা থাকলেও পরে জানানো হয়, ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে এবং আবেদন গ্রহণ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা চাকরি না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রশাসনের মতে, অনলাইন আবেদন চালু হওয়ায় প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং সহজ হয়েছে।




