কলকাতা: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করতে উচ্চশিক্ষা দফতর নতুন একটি অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। কলেজগুলো অনলাইনের মাধ্যমে সরাসরি নতুন বিষয় অনুমোদনের আবেদন করতে পারবে বলে জানিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর৷
প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দ্রুত নাগরিক সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পোর্টাল মূলত উচ্চশিক্ষা সংসদের অধীনে থাকা কলেজগুলির জন্য তৈরি করা হয়েছে। আগে কলেজগুলোকে নতুন বিষয় চালুর জন্য বহু ধাপ পাড়ি দিতে হত, যা সময়সাপেক্ষ এবং জটিল। নতুন পোর্টালের মাধ্যমে কলেজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবে এবং উচ্চশিক্ষা সংসদ তা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে। এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
পোর্টাল চালু হলে কলেজ কর্তৃপক্ষ আর অনুমোদনের জন্য বিকাশ ভবনে ঘুরে ঘুরে অপেক্ষা করতে হবে না। অনলাইনে ঘরে বসেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। পোর্টালটি আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে চালু হবে। সরকারি, সরকারপোষিত এবং বেসরকারি কলেজ সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে।




