কলকাতা: বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সৌজন্যের নিদর্শন হিসেবে তাঁর পাঠানো ফুল ও মিষ্টি পৌঁছে যায় ঢাকার গুলশনে বিএনপির কার্যালয়ে৷ সেখানে উপস্থিত ছিলেন বিএনপি দলের শীর্ষ নেতারা। তাঁরা এই উদ্যোগকে আন্তরিক সম্পর্কের প্রতীক বলে মন্তব্য করেন।
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী সাফল্যের খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়ে তাঁকে “আমার তারেকভাই” বলে সম্বোধন করেন। এই সম্বোধন দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অতীতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক ছিল বহুল আলোচিত।
বিভিন্ন সময়ে উপহার বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করেছিল। মালদহের আম আর বাংলার বিখ্যাত মিষ্টি পাঠাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও সেই সৌহার্দ্যের ধারাবাহিকতা বজায় রাখতেই এই শুভেচ্ছা পাঠানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।




