কলকাতা: বঙ্গোপসাগরের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ যা নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর৷ যদিও এর সরাসরি প্রভাব এখনই বাংলায় পড়বে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ফলে রাজ্যে আপাতত ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই, তবে আবহাওয়ার ধরণে ধীরে ধীরে পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে।
রাজ্যের বিভিন্ন জেলায় সকাল ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকছে। তবে দিনের বেলা তাপমাত্রা বাড়ায় ঠান্ডার অনুভূতি কমছে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া না থাকায় শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি। সপ্তাহের মাঝামাঝি তা ১৭–১৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে।
উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা ১৬–১৮ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে ১৩–১৬ ডিগ্রি। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ১২–১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমতে পারে। নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথের উপর নির্ভর করবে রাজ্যে প্রভাব পড়বে কিনা। তাই আপাতত আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷




