নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় এক বিরল সততার ঘটনা সামনে এসেছে, যা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার পরেও সেটি স্বেচ্ছায় ফেরত দিয়ে নজির স্থাপন করেছেন এক তৃণমূল কর্মী ও তাঁর পরিবার।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল মণ্ডলের বড় ছেলে সুব্রত মণ্ডল সম্প্রতি ভারতীয় রেলে চাকরি পান। তবে চাকরি পাওয়ার আগেই পাকা বাড়ি না থাকায় ব্লক প্রশাসনের সমীক্ষায় তাঁর নাম বাংলার বাড়ি প্রকল্পে ওঠে এবং সেই অনুযায়ী ৬০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল।
চাকরি পাওয়ার পর পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় সেই অনুদান নেওয়া নৈতিকভাবে ঠিক হবে না বলে সিদ্ধান্ত নেন সুব্রত ও তাঁর বাবা। এরপর তাঁরা নন্দীগ্রাম-১ ব্লক অফিসে গিয়ে বিডিও গোপীনাথ সরেনের কাছে আবেদন জানান এবং পুরো অর্থ সরকারি তহবিলে জমা দেন। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বেচ্ছায় টাকা ফেরত দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল এবং সমাজে ইতিবাচক বার্তা দেয়।
পরিবারের দাবি, আগে রেল প্রকল্পের জন্য তাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। সে সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির উপর ভরসা করেই জমি দিয়েছিলেন সুশীল। পরে পরিবারের দুই ছেলের চাকরি হওয়ায় তাঁরা মনে করেন সরকারি সহায়তা নেওয়ার আর প্রয়োজন নেই।
ঘটনাটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, এটি তাঁদের কর্মীদের সততা ও দায়িত্ববোধের প্রতিফলন। স্থানীয় বাসিন্দাদের মতে, আজকের দিনে এমন উদাহরণ খুব কমই দেখা যায়।




