কলকাতা: শীতের আমেজ উধাও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এখনই ২৮ ডিগ্রির কাছে! শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরেই। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই বাড়তে পারে। বঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।
উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কালিম্পং-সহ সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
মালদহ-সহ নিচের দিকের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির থাকবে। তবে আগামী তিন-চার দিন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।
আবার, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের আমেজ ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।




