বাঁকুড়া: স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন হল বাঁকুড়াতে। জেলার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হয়েছে বিকেলের আউটডোর পরিষেবা বা ‘ইভিনিং ওপিডি’। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, সোম থেকে শনি প্রতিদিন বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীরা এই সুবিধা পাবেন।
এই পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথমবার এই ধরনের পরিষেবা চালু হলো। ফলে যারা কাজের কারণে সকালে হাসপাতালে যেতে পারেন না, তাঁদের জন্য এটি বড় স্বস্তি হয়ে উঠবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিকেলের আউটডোর চালুর দাবি ছিল। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবী মানুষদের পক্ষে সকালে চিকিৎসা করানো কঠিন হয়ে পড়ত। নতুন সময়সূচি চালু হওয়ায় তাঁদের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ চিকিৎসা, প্রাথমিক পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ এই ওপিডিতে পাওয়া যাবে। প্রয়োজনে রোগীদের বিশেষজ্ঞ বিভাগের কাছে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিষেবা চালু হওয়ার পর রোগীদের ভালো সাড়া মিলছে বলে জানা গিয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগে হাসপাতালের পরিষেবা আরও সুশৃঙ্খল হবে এবং সকালবেলার ভিড় কমবে। পাশাপাশি জরুরি বিভাগে অপ্রয়োজনীয় চাপও কমতে পারে। সফল হলে ভবিষ্যতে জেলার অন্য হাসপাতালেও একই পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।




