মুম্বই: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল মুম্বই। ব্যস্ত রাস্তার মাঝেই হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার। চাপা পড়ল অটো-গাড়ি। জানা গিয়েছে, এই পিলারের নিচে চাপা পড়ে গিয়েছেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থা তাদের। দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ের মুলুন্ডে। ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ ও উদ্ধারকারী দল হাজির হয়েছে। আহতদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার জেরে প্রশাসনের দিকে উঠছে আঙুল।
পশ্চিম মুম্বইয়ের ওই এলাকায় দীর্ঘদিন ধরে মেট্রোর নির্মাণকাজ চলছিল। শনিবার কাজ চলাকালীন দুপুর ১২টা২০ নাগাদ হঠাৎ বড়সড় একটি সিমেন্টের চাঙড় আছড়ে পড়ে। ব্যস্ত রাস্তায় সেই পিলারের অংশ গিয়ে পড়ে একটি অটো ও গাড়ির উপর। অটোর অর্ধেকের বেশি অংশ চাপা পড়ে গাড়িটির সামনের অংশ পিলারের নিচে পড়ে।
জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে অটোয় থাকা ৪ জন গুরুতর আহত হন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে হাজির হয় ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ ও মেট্রো কর্মীরা। আহতদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে৷ ঘটনাস্থলে হাজির অ্যাম্বুল্যান্সও।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। আপাতত পিলারটিকে সরানোর প্রক্রিয়া চলছে। কেন এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজ চলাকালীন যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হয়েছিল কি না তা খুঁটিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।




