মস্কো: এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনে নিষেধাজ্ঞা রাশিয়ায়। হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল পুতিনের সরকার। বাকস্বাধীনতা দমন করতে এই পদক্ষেপ বলে গুঞ্জন শোনা গেলেও আদতে রুশ সরকার কারণ ব্যাখ্যা দিয়েছে। জানানো হয়েছে, রুশ আইন মেনে চলতে ব্যর্থ হওয়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে রুশ নাগরিকদের দেশের তৈরি ‘ম্যাক্স’ মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে রাশিয়ার সরকার।
বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মেটা রাশিয়ার আইন এবং সংশ্লিষ্ট নিয়মাবলী মেনে চলছে না। এর জেরেই হোয়াটসঅ্যাপকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসাবে নাগরিকরা ম্যাক্স ব্যবহার করতে পারেন। এটি দেশের তৈরি।”
ওয়াকিবহল মহলের একাংশের দাবি, পুতিন সরকার নাগরিকদের উপর নজরদারি চালাতেই ‘ম্যাক্স’ অ্যাপটিকে প্রচার করছে। যদিও রুশ সরকারের আধিকারিকরা সেই দাবি খারিজ করে দিয়েছে। এদিকে সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের পর কোপে পড়তে পারে টেলেগ্রামও। সেটিকেও শীঘ্রই রাশিয়ায় নিষিদ্ধ করা হতে পারে।




