কলকাতা: সাইবার প্রতারণা রুখতে নতুন হেল্পলাইন চালু করতেই ব্যাপক সাড়া মিলেছে কলকাতা পুলিশের উদ্যোগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনে ২০০-এর বেশি কল এসেছে নাগরিকদের কাছ থেকে। শহরের পুলিশ সদর দফতর লালবাজারে বসে হেল্পলাইন আধিকারিকরা অভিযোগ নথিভুক্ত এবং প্রাথমিক পরামর্শ দিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল বা ব্যক্তিগত ডিভাইস হ্যাক হওয়ার আশঙ্কা নিয়ে। অনেকেই সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার পর ফোনে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে হেল্পলাইনে যোগাযোগ করেছেন। এছাড়া ভুয়ো হোটেল বুকিং সাইটের মাধ্যমে প্রতারণার ঘটনা জানিয়েছেন অনেকে। অভিযোগকারীদের বক্তব্য, অনলাইনে টাকা দেওয়া হলেও হোটেল থেকে কোনো বুকিং নিশ্চিত করা যায়নি।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রতারণা বেড়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকের শপিং লিঙ্কে ক্লিক করে টাকা হারানোর অভিযোগ এসেছে একাধিকবার। পাশাপাশি বিনিয়োগের নামে প্রতারণা, ভুয়ো ঋণ দেওয়ার প্রলোভন এবং বিভিন্ন পুলিশ সংস্থার পরিচয় দিয়ে ফোন করে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর চেষ্টা করার মতো গুরুতর অভিযোগও এসেছে।
শুধু সাম্প্রতিক নয়, পুরনো সাইবার মামলায় টাকা ফেরত পাওয়ার উপায় জানতে চেয়েও অনেকে ফোন করেছেন। কেউ কেউ আবার বাংলার সাইবার সেল ও সংশ্লিষ্ট থানার যোগাযোগ নম্বর এবং এখতিয়ার সম্পর্কেও তথ্য জানতে চেয়েছেন। পুলিশের মতে, এত বিপুল সংখ্যক কল প্রমাণ করছে যে মানুষ এখন সাইবার নিরাপত্তা নিয়ে আগের তুলনায় অনেক বেশি সচেতন। ভবিষ্যতে পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করতে প্রযুক্তিগত পরিকাঠামো এবং কর্মীসংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।




