রায়গঞ্জ: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং রায়গঞ্জ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এক বড়সড় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযানে ধরা পড়েছে ১৮ বছরের যুবক মহম্মদ সাব্বির শেখ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম হেরোইন, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে রায়গঞ্জে বড়সড় মাদক লেনদেনের খবর পাওয়া যায়। দ্রুত পরিকল্পনা করে কলকাতা পুলিশ ও এসওজি যৌথভাবে অভিযান চালায়। বৃহস্পতিবার সকালেই রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়। সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে দেখা যায়, তার কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্সে সাতটি প্যাকেট হেরোইন রাখা ছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী মোট ওজন প্রায় ৭০০ গ্রাম। ঘটনাস্থল থেকেই যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবক মহম্মদ সাব্বির শেখ মালদার কালিয়াচক থানার খাসচাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশের অনুমান, সাব্বির একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খুঁজছে, কোথা থেকে হেরোইন এসেছে এবং কার কাছে সরবরাহের পরিকল্পনা ছিল। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান রায়গঞ্জ ও আশেপাশের এলাকায় মাদক চক্রের মধ্যে সতর্কতা বৃদ্ধি করেছে। কলকাতা পুলিশের মুখপাত্র জানান, মাদক চক্র ধ্বংস করা এবং রাজ্যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য। ধৃত যুবকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ৷




