কলকাতা: কলকাতা পুরসভা আগেই সিদ্ধান্ত নেয় এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তনের। এ নিয়ে বছর জাপানে গিয়ে প্রয়াত বিচারপতির পরিবারকে কথা দিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বৃহস্পতিবার তাতেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তিত হয়ে হচ্ছে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি।
বিচারপতি হওয়ার আগে রাধাবিনোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেছিলেন। হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু মামলা শোনার দায়িত্ব তাঁকে দিয়েছিল আন্তর্জাতিক আদালত। সেই পর্ব থেকেই তিনি ‘জাপানের বন্ধু’ হিসাবে খ্যাত। টোকিও শহরে তাঁর নামাঙ্কিত জাদুঘরও রয়েছে। এ বার কলকাতাতেও রাস্তার নামকরণ হল রাধাবিনোদের নামে।
অপারেশন সিঁদুরের পরে বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধিদল পাঠায় কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ‘স্বরূপ’ তুলে ধরতে একটি দলের সদস্য হিসেবে জাপান-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সফর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সময়েই জাপানে বিচারপতি পালের পরিবারের সঙ্গে দেখা হয় অভিষেকের। পরিবারের তরফেই আর্জি ছিল, প্রয়াত বিচারপতির স্মরণে কলকাতায় কোনও একটি রাস্তার নামকরণের। কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তেই এবার সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, কয়েক মাস আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। তবে প্রক্রিয়াগত কারণে এই এলাকার রাস্তার নাম বদলের ক্ষেত্রে হাই কোর্টের অনুমোদন প্রয়োজন ছিল। বৃহস্পতিবার তাতে আনুষ্ঠানিক অনুমোদন দিল আদালত।




