নয়াদিল্লি: রাজধানীর শিক্ষাঙ্গনে এক অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেনস্থার অভিযোগ তুললেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব। তাঁর দাবি, বক্তৃতা চলাকালীন আচমকা পিছন দিক থেকে জলভর্তি বালতি ছোড়া হয়, পরে একটি ডাস্টবিনও নিক্ষেপ করা হয় তাঁর দিকে।
সূত্রের খবর, ‘সমতা দিবস’ উপলক্ষে আয়োজিত পিপল্স লিটারেচার ফেস্টিভ্যালে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছিল বাম ছাত্র সংগঠন আইসা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২০০ শিক্ষার্থীর সামনে প্রায় ২০ মিনিট বক্তব্য রাখার পর হঠাৎ এই ঘটনা ঘটে। বালতিটি সরাসরি গায়ে না লাগলেও জলে ভিজে যান তিনি।
ঘটনার পরও শান্ত থেকে বক্তব্য চালিয়ে যান হাবিব। পরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে মতভেদ থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের পদ্ধতি অবশ্যই শালীন হওয়া উচিত। ভিন্ন মতের প্রতি সহনশীলতা বজায় রাখাই শিক্ষাঙ্গনের সংস্কৃতি হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
আইসা অভিযোগ করেছে, ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপি–র কিছু সদস্য পরিকল্পিতভাবে অনুষ্ঠান ভণ্ডুল করতে এই কাজ করেছে। যদিও এবিভিপি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আয়োজক সংগঠন জানিয়েছে, ঘটনার প্রতিবাদে শীঘ্রই তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। প্রবীণ ইতিহাসবিদও স্পষ্ট করেছেন, এমন ঘটনার পরেও মত ও যুক্তির লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।




