কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার জেলায় নিষিদ্ধ মাদক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলার সিতাই এলাকার এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুকুমার বর্মন। তিনি স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি পদে ছিলেন বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তাঁর কোনও খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, পরে পুলিশ সেই অভিযোগ তুলে নিতে চাপ দেয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই সুকুমার বর্মনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, আইন আইনের পথেই চলছে এবং অপরাধ করলে রাজনৈতিক পরিচয় দিয়ে রেহাই পাওয়া যাবে না।




