কলকাতা: ১৭ বছর পর বাংলাদেশের ক্ষমতায় আসছে বিএনপি। খালেদা পুত্র তারেক রহমান ভাবী প্রধানমন্ত্রী। শুক্রবার ফলাফল স্পষ্ট হতেই তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ‘তারেকভাইকে’ অভিনন্দন জানান মমতা। পাশাপাশি, আগেভাগেই রমজানের শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’ তিনি এও লিখেছেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়। শেরপুর আসনের প্রার্থীর মৃত্যুতে সেখানকার ভোট স্থগিত হয়েছিল। শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ঘোষণা হয়নি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।
আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার করে নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ জানান, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন। অর্থাৎ বিএনপি-র সরকার গঠন সময়ের অপেক্ষা। সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন তারেক রহমানকে।




