হরিয়ানা: মদ্যপ অবস্থায় গাড়ি চালাছিল পুলিশ সাব-ইনস্পেক্টর৷ সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবতীর৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়৷ মৃতার নাম নিকিতা (২৪)৷ অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক পুলিশ সাব-ইনস্পেক্টর ই-রিকশাকে ধাক্কা মারেন এবং সেই ঘটনায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন নিকিতা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত আধিকারিক অমিতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিকিতা গুরুগ্রামে কর্মরত ছিলেন এবং বুধবার রাতে দিল্লি থেকে আম্বালায় নিজের বাড়ি ফিরছিলেন। আম্বালা ক্যান্টনমেন্ট এলাকা থেকে একটি ই-রিকশায় ওঠেন তিনি। কালিপল্টন ব্রিজের কাছে পৌঁছতেই পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে রিকশাটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নিকিতা রাস্তায় ছিটকে পড়েন এবং গাড়িটি তাঁকে চাপা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
ই-রিকশা চালক রভিন্দর সিংহের দাবি, গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি এবং চালকের আচরণ দেখে তাঁর সন্দেহ হয় যে তিনি মদ্যপ ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই গাড়িটিকে ধাওয়া করে আটক করেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেই পুলিশ বিভাগের সদস্য এবং বলদেব নগর আউটপোস্টে কর্মরত।
এই ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে রক্তপরীক্ষা সহ সমস্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীর বয়ান, সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখছেন। পুলিশের আশ্বাস, নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, আইনরক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর এবং দ্রুত বিচার হওয়া প্রয়োজন।




