কলকাতা: স্রেফ বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপিশাসিত পুণেতে। পুরুলিয়ার এই পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে আছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই এই পোস্টের মাধ্যমে জানান, এই হত্যাকাণ্ডে তিনি মর্মাহত ও একই সঙ্গে ক্ষুব্ধ। সেখানে তিনি লিখেছেন, এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য অত্যাচার করা হয়েছে। এবং শেষে হত্যা করা হয়। পরিবারের পাশে দাঁড়িয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারকে বলছি এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে।’
উল্লেখ্য, ওই মৃত পরিযায়ী সুখেন মাহাতো মহারাষ্ট্রের পুণেতে কাজ করতেন। বছর ৩১-এর সুখেনের বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার তিনি। তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন সুখেন।
পুণের কোরেগাঁও ভিমার পাশে সনৎ বাড়ি এলাকায় সুখেনের কর্মস্থল ছিল। মঙ্গলবার বিকাল ৩ টার শিফটে ডিউটি যান তিনি। পরে সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মহারাষ্ট্র পুলিশ।




