কলকাতা: আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ বুধবার মাধ্যমিক পরীক্ষার সমাপ্তির পরই সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল। এবছর পরীক্ষা আরও জটিল হয়েছে কারণ একই দিনে তিন ধরনের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন।
সংসদ সূত্রে জানা গিয়েছে, চতুর্থ সেমেস্টারের নতুন সিলেবাস, চতুর্থ সেমেস্টারের পুরনো সিলেবাস এবং তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি তিনটি পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। তবে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা কিছুটা সময়ের ব্যবধান নিয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক মোতায়ন করা হয়েছে। প্রশ্নপত্রের বিভ্রান্তি রোধে আলাদা রঙের খাম ব্যবহার করা হচ্ছে। চতুর্থ সেমেস্টারের নতুন সিলেবাসের পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে। একই সময়ে চতুর্থ সেমেস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দুপুর ১টা থেকে ২ টো ১৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোট ৭,১০,৮১১ জন। এর মধ্যে চতুর্থ সেমেস্টারের নতুন সিলেবাসের শিক্ষার্থী ৬,৩৫,৮৬৪ জন, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ৫৮,৪৫২ জন এবং চতুর্থ সেমেস্টারের পুরনো সিলেবাসের শিক্ষার্থী ১৪,৪৯৪ জন। পরীক্ষা পরিচালনার জন্য ২,১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতি শিক্ষক প্রতি ২০ জন শিক্ষার্থীর নজরদারি করবেন। সংসদ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কেউ হিংসাত্মক আচরণ করলে বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে তার পরীক্ষা বাতিল হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডও বাজেয়াপ্ত হতে পারে।




