কলকাতা: বিদায়ের পথে শীত। এবার বসন্তের আমেজ সারা বাংলায়৷ বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।
মঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। ফলে রাতে এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে বেশ গরম লেগেছে এদিন
আজ থেকে শীত বিদায়ের পথে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী সাতদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। যা দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, স্পষ্টভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই।




