গুজরাট: সরকারের গাফিলতি৷ পানীয় জলের পাইপলাইনে ত্রুটির জেরে গুজরাটের জামনগর শহরে হঠাৎ একাধিক অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে৷ স্বাস্থ্য দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ১৫ জনের শরীরে কলেরার জীবাণু শনাক্ত হয়েছে এবং ডায়রিয়া, বমি ও তীব্র পেটব্যথার উপসর্গ নিয়ে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে সাতজন শিশু রয়েছে, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের বেডেশ্বর এলাকায় গত কয়েক দিনে প্রায় ৪৮টি সন্দেহভাজন অসুস্থতার ঘটনা সামনে এসেছে। যদিও সব কেস এখনও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়নি, তবুও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় সতর্ক হয়েছে প্রশাসন। চিকিৎসকদের মতে, কলেরা সাধারণত দূষিত পানীয় জল বা অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়ায় এবং দ্রুত ব্যবস্থা না নিলে তা গুরুতর আকার নিতে পারে।
জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, তদন্তে একটি পানীয় জলের পাইপলাইনে ত্রুটি ধরা পড়েছে। অনুমান করা হচ্ছে, ওই ত্রুটির ফলে নর্দমার জল পানীয় জলের লাইনে মিশে গিয়ে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় অবৈধ জল সংযোগ থাকার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ শুরু করেছে। ২০ জন স্বাস্থ্যকর্মী নিয়ে একটি বিশেষ দল আক্রান্ত এলাকায় কাজ করছে। তারা বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সচেতনতা প্রচার চালাচ্ছেন। সংক্রমণ রোধে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে এবং বাসিন্দাদের বিশুদ্ধ জল ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ দ্রুত শুরু হয়েছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারের মাধ্যমে পরিষ্কার পানীয় জল সরবরাহ করা হচ্ছে।




