কলকাতা: এবার পার্কিং নিয়ে নয়া ভাবনা কলকাতা পুরসভার। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এলাকায় সরকারি পার্কিং ব্যবস্থা তৈরি করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য। বাইপাস পুরসভার হাতে আসার পর এই প্রথম পরিকল্পিত ভাবে পার্কিং ব্যবস্থার রূপরেখা তৈরি করা হয়েছে। নতুন এই পার্কিং ব্যবস্থা চালু হয়ে গেলে কলকাতা পুরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
পুরসভার আশা, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে বাইপাস ও সংলগ্ন এলাকায় বেআইনি পার্কিং কমবে এবং যানজট নিয়ন্ত্রণে আসবে। জানা গিয়েছে, মোট ১৪টি রাস্তায় গাড়ি পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। সবক’টি পার্কিং লট তৈরি হয়ে গেলে মোট ৪৮২টি গাড়ি রাখা সম্ভব হবে বলে দাবি পার্কিং বিভাগের। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পার্কিং লটগুলির দায়িত্ব বণ্টনের জন্য প্রথমবার ‘ই-নিলাম’ প্রক্রিয়া চালু করা হবে।
এতদিন টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ করা হলেও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে এখন থেকে ই-নিলামকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন এজেন্সি নিয়োগ করে সম্পূর্ণ ব্যবস্থাপনা আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়েছে পুরসভা। দ্রুত ই-নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
যে সব রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে তার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন ঠাকুর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্তান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন এবং বিশ্ববাংলা সরণি। পাশাপাশি বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া, মুকুন্দপুর এবং গড়িয়াহাট রোডের ফ্লাইওভারের তলাতেও পার্কিংয়ের সুযোগ রাখা হবে।




