কলকাতা: এসআইআর শুনানিকে সামনে রেখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সংগঠনকে সক্রিয় রাখতে কাউন্সিলর ও বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারসহ এলাকার সংগঠনিক প্রতিনিধিরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৮০ জন কর্মী বৈঠকে অংশ নেন।
এসআইআর শুনানির তারিখ ১৪ ফেব্রুয়ারি হওয়ায় নেত্রী বলেন, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনওভাবেই ঢিলেমি চলবে না। তিনি নির্দেশ দেন, প্রতিটি ভোটারের তথ্য যাচাই করে নিশ্চিত করতে হবে যাতে কোনও বৈধ নাম বাদ না পড়ে। বিশেষ করে নতুন করে কারা নোটিশ পাচ্ছেন বা কোথায় সমস্যা দেখা দিচ্ছে তা নজরে রাখতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা মিলিয়ে দেখার পরামর্শ দেন। কোথাও তথ্যগত ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের চেষ্টা করতে বলেন। তাঁর মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলে বাস্তব পরিস্থিতি বোঝা সহজ হয় এবং সমস্যা দ্রুত সমাধান সম্ভব।
বৈঠকে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত পুরো প্রক্রিয়ার ওপর সতর্ক নজর রাখতে হবে। আদালতের নির্দেশে কিছু পর্যবেক্ষকের ক্ষমতা সীমিত হয়েছে উল্লেখ করে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট আধিকারিকদের হাতেই থাকবে। তবুও কোথাও অসঙ্গতি চোখে পড়লে তা দ্রুত দলকে জানাতে বলেন।
নেত্রী জানান, ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং রিপোর্ট দিচ্ছেন। কর্মীদের উদ্দেশে তাঁর শেষ বার্তা—শুনানির আগে এই সময়ে আরও বেশি সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী রাখতে হবে।




