পুরুলিয়া: শহরবাসীর জন্য নতুন এক সুবিধা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে চালু হয়েছে ‘সুফল বাংলা’ ভ্রাম্যমাণ শাক-সবজির গাড়ি। এই উদ্যোগের মাধ্যমে শহরের মানুষ ঘরে বসেই চাষিদের কাছ থেকে সরাসরি টাটকা শাকসবজি, ফল এবং নিত্যপ্রয়োজনীয় কৃষিজ সামগ্রী পেতে পারছেন।
পুরুলিয়ার ২৩ নং ওয়ার্ডে প্রতিদিন দুটি গাড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরছে। গাড়িতে পাওয়া যায় ধনেপাতা, পুঁইশাক, বাঁধাকপি, গাজর, টমেটো এবং মৌসুমী ফল যেমন কলা, কমলা, আপেল ইত্যাদি। স্থানীয় বাজারের তুলনায় দাম কম এবং মানও অনেক ভালো। শহরের বাসিন্দারা জানান, ভ্রাম্যমাণ গাড়ি থেকে সবজি কেনার ফলে বাজারে হেঁটে যাওয়ার ঝামেলা কমে গিয়েছে। বাড়িতে বসেই তারা পেতে পারছেন তাজা সবজি ও ফল। চাষিরাও খুশি, কারণ তারা সরাসরি পণ্য বিক্রি করতে পারছেন। এতে মধ্যস্বত্তাকারীর খরচ কমে যাচ্ছে এবং চাষিরা পাচ্ছেন বেশি আয়।
গাড়ির কর্মীরা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শহরের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে পণ্য বিক্রি করছেন। কেউ চাইলে ফোন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও পণ্য পেতে পারেন। এতে শহরবাসীর সুবিধা আরও বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার আরও বেশি ওয়ার্ডে এই ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। লক্ষ্য শহরবাসীর কাছে স্বাস্থ্যকর, টাটকা এবং সাশ্রয়ী মূল্যে সবজি পৌঁছানো। পাশাপাশি চাষিদের জন্য স্থায়ী বাজার তৈরি করা হচ্ছে।
‘সুফল বাংলা’ ভ্রাম্যমাণ গাড়ি শহর ও চাষিদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। শহরের মানুষ সহজেই টাটকা সবজি ও ফল পাচ্ছে, আর চাষিরা পাচ্ছেন যথাযথ মূল্য। এটি স্থানীয় অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি উদ্যোগ এবং আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে কৃষিজ পণ্যের সরবরাহ আরও দ্রুত, সহজ এবং সাশ্রয়ী হচ্ছে।




