কলকাতা: সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনের ভাষণে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়াতেও পদ্ম শিবিরকে তুলোধনা অভিষেকের। ‘’ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু বিজেপির এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্সে।’’ এহেন মন্তব্য করে নিজের ভাষণের ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশনে মোদি সরকারকে আক্রমণ করে একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশানা করেন অভিষেক। সেই ভিডিওর একটি অংশই তুলে ধরেছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে তিনি কটকক্ষ করেছেন বিজেপির সরকারকে।
মঙ্গলবার নিজের ৩৪ মিনিট ৪০ সেকেন্ডের বাজেট বক্তব্যে মোদি সরকারের ঘৃণ্য রাজনীতি এবং কঙ্কালসার চেহারা তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, ”সংবিধান রাজ্যগুলির মধ্যে সমতার কথা বলে, কিন্তু এই সরকার বেছে বেছে নিজেদের জোটসঙ্গীদের সাহায্য করছে আর বিরোধীদের ভাতে মারছে। এটা ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’ নয়, বরং এটা একটা ‘সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম’। কেন্দ্রীয় বাজেট একটাই নীতির উপর দাঁড়িয়ে আছে— সবকিছুই ‘তিনগুণ’। এটি প্রভাবশালীদের জন্য ‘ট্রিপল বোনানজা’ বা এবং গরিবদের জন্য ‘ট্রিপল লক’।”




