হুগলি: ত্রিবেণী সঙ্গমে বুধবার থেকে শুরু হয়েছে মিনি কুম্ভমেলা। মেলা চলবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ভক্ত এবং ধর্মপ্রাণ মানুষরা অংশগ্রহণ করছেন। মেলার প্রধান আকর্ষণ হবে পূণ্যস্নান, যা মাঘ সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হবে।
মেলায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। ১০০-র বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নোএন্ট্রি জোন তৈরি করা হয়েছে। পুলিশ মোতায়েন, দমকল, জনস্বাস্থ্য কারিগরি দফতর, পূর্ত দফতর এবং বাঁশবেরিয়া পুরসভা মেলার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন তদারকিতে সক্রিয়ভাবে কাজ করছে।
বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির সভাপতি বলেন, “মাঘ সংক্রান্তির দিনে হবে কুম্ভস্নান, যা আমরা অমৃত যুগস্নান বলি। তার আগে দু’দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। ১৩ ফেব্রুয়ারি প্রধান পূণ্যস্নান অনুষ্ঠিত হবে।”মেলায় শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে গীতাযজ্ঞ, রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্রনাম পাঠের আয়োজন করা হয়েছে। সাধুদের জন্য আখড়া এবং তাবুর মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। ১৩ ফেব্রুয়ারি প্রথমে এক ঘণ্টা শুধুমাত্র সাধুদের স্নান অনুষ্ঠিত হবে। এরপর ভক্তরা অংশগ্রহণ করবেন।
স্বামী শিবানন্দ মহারাজ বলেন, “আজ থেকে সাধুদের আগমন শুরু হয়েছে। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিনদিন ধরে মেলার মূল কার্যক্রম চলবে। ১৩ তারিখ পূণ্যস্নান এবং ভান্ডারা অনুষ্ঠিত হবে। বাংলার ১৬টি শক্তিপীঠ থেকে মাটি এবং জল আনা হয়েছে। প্রয়াগ থেকে আনা জল দিয়ে বিশেষ যজ্ঞ করা হবে।” হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, “মেলায় প্রচুর মানুষের সমাগম হবে। তাই পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত।”




