কলকাতা: ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়, যাঁদের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন অর্থাৎ ভূমিহীন চাষি তাঁদের জন্য বার্ষিক ৪ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। কিন্তু তার দিনক্ষণ জানানো হয়নি। এবার মঙ্গলেই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দিনক্ষণ ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী এপ্রিল থেকেই ভাতা পাবেন ভাগচাষিরা।
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে জানান, দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রগুলিতে ক্যাম্প বসানো হবে। সেখানে গিয়ে আবেদন করতে হবে। পাশাপাশি কৃষকদের সেচের চার্জ মকুবের কথা বলা হয়েছিল বাজেটে। তার জন্যও আবেদন নেওয়া হবে বলে জানিয়ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই এই অনুদান পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হবে। দুয়ারে সরকারের মতো। সেখানে আবেদন করতে হবে। অনুদানের পাশাপাশি সেচের যে চার্জ চাষিরা দিতেন এবার থেকে তা মকুব করা হল।”
উল্লেখ্য, বাজেটে ঘোষণা করা হয়েছিল মিলবে বার্ষিক ৪ হাজার টাকা অনুদান। বলা হয়, রবি ও খরিফ মরশুমে দু’হাজার টাকা করে পাবেন ভূমিহীন চাষিরা। এবার সেই মর্মেই দিনক্ষণ ঘোষণা করে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




