কলকাতা: লক্ষ্য একটাই, শহরের দূষণ কমিয়ে যাত্রীদের সুবিধা প্রদান। এবার সেই লক্ষ্যেই কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি বাস। রাজ্য পরিবহণ নিগম(ডব্লুবিটিসি) এই বাসগুলি চালাবে। পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, ২৫টি শীততাপ নিয়ন্ত্রিত সিএনজি বাস নামানো হবে।
জানা যাচ্ছে, ওই বাসগুলি কোন কোন রুটে চালানো হবে, তা নিয়ে কলকাতা পুরসভা ও পরিবহণ নিগমের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল পরিবহণ দফতর। বর্তমানে শহর ও শহরতলির কোন কোন রুটে বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, কোন রুটে যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের জন্যে অপেক্ষা করতে হয় — সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা পড়ার পরেই সিএনজি বাসের রুট ঠিক করা হয়েছে। এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
পরিবহণ দফতরের কর্তারা জানাচ্ছেন, বর্তমানে যেখানে বাসের ঘাটতি রয়েছে বা যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় — সেই এলাকাতেই নতুন সিএনজি বাসগুলি চালানো হচ্ছে। সিএনজি বাসের সংখ্যা বাড়ার ফলে জ্বালানি খরচ যেমন কমবে, পাশাপাশি দূষণও অনেকটাই কম হবে, দাবি পরিবহণ ভবনের।
বছর খানেক আগেই এই বাসগুলি কেনার বরাত দেওয়া হয়েছিল। তারই প্রথম ধাপ হিসেবে গত ডিসেম্বরে কসবা ডিপোয় পৌঁছেছে ২৫টি নতুন সিএনজি বাস। সরকারি সূত্রে খবর, এই বাসগুলি চলবে বেলগাছিয়া–নিউ টাউনের ইকো স্পেস, পার্ক সার্কাস–ডানকুনি, কুঁদঘাট–বারাসত, জোকা–বারাসত, টালিগঞ্জ–হাবরা, কলকাতা বিমানবন্দর–বারাসত, সেক্টর ফাইভ–যাদবপুর, শিয়ালদহ–হাওড়া, হাওড়া–ব্যারাকপুর, হাওড়া–বারুইপুর, সল্টলেক–বারুইপুর এবং হাওড়া–ডায়মন্ড হারবার রুটে।




