ওড়িশা: পৈত্রিক সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নিল ওড়িশায়। ঢেঙ্কানাল জেলার কামপুলেই গ্রামে বাবার হাতে ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ক্ষীরোদ সাহু (২২)। অভিযুক্ত বাবার নাম বিভূতি সাহু। একটি জমির মালিকানা নিয়ে বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদ ক্রমশ তীব্র হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দু’জনের মধ্যে ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় বিভূতি সাহু ইট দিয়ে ছেলের উপর হামলা চালান। এতে ক্ষীরোদ আহত হন। ঘটনার পরও পরিস্থিতি শান্ত হয়নি।
রবিবার সকালে ফের বাবা-ছেলের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে ক্ষীরোদ থানায় গিয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পুলিশের কাছে নিজের নিরাপত্তার আবেদন জানান তিনি। অভিযোগ, থানায় অভিযোগ করার বিষয়টি জানার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিভূতি সাহু। কিছু সময়ের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে ছেলের উপর হামলা চালান তিনি। গুরুতর জখম অবস্থায় ক্ষীরোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারের সদস্যরাই কঙ্কদহড় থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিভূতি সাহুকে গ্রেফতার করে। কঙ্কদহড় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তবে ঘটনার পিছনে অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।




