কলকাতা: বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর একই দিনে তিন ধরনের পরীক্ষা হওয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উপর বাড়তি দায়িত্ব এসে পড়েছে। নতুন সেমিস্টার ব্যবস্থার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, পুরনো সিলেবাসের উচ্চমাধ্যমিক এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা একসঙ্গে শুরু হচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে নতুন সিলেবাসে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসছেন ৫৮ হাজার ৪৫২ জন। অন্যদিকে, পুরনো সিলেবাসে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছেন ১৪ হাজার ৪৯৪ জন।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। একই সময়ে শুরু হওয়া পুরনো সিলেবাসের পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা বেলা ১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
একই পরীক্ষা কেন্দ্রে তিন ধরনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রশ্নপত্র বিভ্রান্তি এড়াতে আলাদা রঙের খাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উত্তরপত্র শনাক্তকরণেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এবছর রাজ্যজুড়ে ২১০৩টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে ইনভিজিলেটর থাকছেন। সংসদের দাবি, গত বছরের তুলনায় প্রায় ৭ হাজার বেশি শিক্ষক ও কর্মী এবছর পরীক্ষার কাজে যুক্ত রয়েছেন।
বর্তমানে বহু শিক্ষক এসআইআর আবহে বিএলও হিসেবে নিযুক্ত থাকায় শিক্ষক সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষকদেরও ইনভিজিলেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে। নকল ও অনিয়ম ঠেকাতে প্রযুক্তিগত নজরদারি আরও কড়া করা হয়েছে। সিসিটিভি নজরদারি, প্রশ্নপত্র পরিবহণে কড়া নিরাপত্তা এবং প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা কর্মী মোতায়েন থাকছে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।




