কলকাতা: ফের বাড়ল রাজ্যের তাপমাত্রা। আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে, এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।(Mercury Rising) সেইমতোই পারদ উর্ধ্বমুখী। বুধবার ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে রীতিমতো উষ্ণ থাকবে আবহাওয়া। ওইদিন কলকাতায় দিনে সর্বোচ্চ ২৯-৩০, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস মিলেছে। পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বুধ-বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমবে।
জানা যাচ্ছে, সকালের দিকে হালকা ঠান্ডা। শীতপোশাক গায়ে না দিলে চলছে না। আবার বেলা বাড়তে না বাড়তেই রোদের দাপট।(Mercury Rising) দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখাই দায়। বিকেলের পর থেকে হালকা ঠান্ডা। রাতেও বেশ শিরশিরানি ভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি নাকি চলবে বেশ কয়েকদিন।
এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একইরকম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।




