বীরভূম: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ(Madhyamik Result Date) নিয়ে রাজ্যজুড়ে পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ বাড়ছে। বিধানসভা নির্বাচনের আগে ফল প্রকাশ হবে কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা। এই পরিস্থিতিতেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফলপ্রকাশের সম্ভাব্য সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়।
শনিবার ভূগোল পরীক্ষার দিন বীরভূমে একাধিক বিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পর্ষদ সভাপতি। বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয় ও দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয়ে গিয়ে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। বিদ্যালয়গুলির পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে রামানুজবাবু জানান, এক বছরের মধ্যে স্কুলগুলির যে উন্নতি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
ফলপ্রকাশ(Madhyamik Result Date) প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি বলেন, প্রতি বছরই সাধারণত পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। চলতি বছরও সেই নির্দিষ্ট সময়সীমা মেনেই ফলপ্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ফল ঘোষণার চূড়ান্ত দিনক্ষণ পরে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।
উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন একটি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হচ্ছে দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।
এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। রাজ্যজুড়ে ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলছে। প্রশ্নফাঁস রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।




