কলকাতা: তিলোত্তমার গুরুত্বপূর্ণ সেতু বিদ্যাসাগর সেতু(Vidyasagar Bridge) বা দ্বিতীয় হুগলি সেতু আগামী রবিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ কাজ চলছে। বিশেষ করে সেতুর বিয়ারিং মেরামত এবং অন্যান্য জরুরি কাজের কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতি মাসের ছুটির দিনে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় যাতে সেতু দীর্ঘস্থায়ী ও নিরাপদ থাকে। বন্ধের কারণে কিছুটা যানজট বা অসুবিধা দেখা দিতে পারে। তবে কলকাতা পুলিশ সমস্যার সমাধানের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, এজেসি বোস রোড দিয়ে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ হয়ে হেস্টিং ক্রসিং-এর দিকে। এরপর জর্জেস রোড ধরে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছানো যাবে। চাইলে গাড়িগুলি হেস্টিং ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেরি রোডের দিকে যেতে পারবে।
জেএন আইল্যান্ড থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট ব্যবহার করে হেস্টিং ক্রসিং-এর দিকে মোড়ানো হবে। খিদিরপুর থেকে আসা গাড়িগুলিকে হেস্টিং ক্রসিং থেকে বাঁদিকে ঘুরতে বলা হয়েছে। কেপি রোড থেকে আসা গাড়িগুলি ওয়াই পয়েন্ট ব্যবহার করে ১১ ফারলং গেটের দিকে মোড় নেবে এবং রেড রোড ধরে হাওড়া স্টেশনের দিকে পৌঁছাবে।
কলকাতা পুলিশ জানিয়েছে, বিকল্প রুট অনুসরণ করলে সেতু(Vidyasagar Bridge) বন্ধ থাকলেও যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকবে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগর সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ভবিষ্যতে দুর্ঘটনা এবং বড় মেরামতের ঝুঁকি কমাবে। পুলিশের মতে, এই কাজের ফলে সেতু দীর্ঘস্থায়ী ও নিরাপদ থাকবে। যাত্রী ও গাড়িচালকদের জন্য পুলিশ অনুরোধ করেছে, বিকল্প রুট ব্যবহার করার সময় ধৈর্য ধরে চলাচল করতে এবং পুলিশ নির্দেশনা মেনে চলতে।




