বাদুড়িয়া: শুনানি পর্বের শেষদিনের আগেই জীবিত ভোটারদের মৃত দেখানোর অভিযোগ উঠল বাদুড়িয়ায়।(Baduria SIR Chaos) অভিযোগের তীর বিজেপির দিকে। ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগ তুলে ভোটাররা বিক্ষোভ দেখিয়েছেন বিডিও অফিসে। প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস।
বিক্ষোভকারী ভোটাররা জানান, কোনও নোটিস বা যাচাই ছাড়াই তাঁদের নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চেষ্টা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির পক্ষ থেকেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যাতে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে।(Baduria SIR Chaos)
চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথ ও যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ঘটনায় নির্বাচনী আধিকারিকদের হেনস্থা ও গোটা ঘটনাটি কী ঘটেছে তা জানতে চেয়ে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের সিইও দপ্তর।
স্থানীয় তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, “সামনে নির্বাচন। এসআইআর প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি চক্রান্ত করে জীবিত ভোটারদের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। ৩৩ জনের হেয়ারিংয়ের পর সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতির মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।”




