কলকাতা: অবৈধ কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণের ফলে শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটেছে মেঘালয়ে। ১৮ জন শ্রমিক মারা গিয়েছেন। এখনও নিখোঁজ বহু। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এবার এই ঘটনা নিয়ে সেখানকার এনপিপি সরকারকে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek slams NPP government) তীব্র কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় লেখেন, রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতে শ্রমিকদের রক্তের দাগ লেগেছে।
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামের কয়লাখনিতে কয়লা তোলার সময় ডিনামাইট ব্যবহারের ফলে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেঘালয়ের এনপিপি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। প্রশাসনের দায়িত্বে যারা, এই অপরাধ তাদের উদাসীনতাকেই প্রকাশ করে। এর পরেই কনরাড সাংমার সরকারকে কাঠগড়ায় তুলে অভিষেক লেখেন, ‘দারিদ্র্য, শোষণ শ্রমিকদের মৃত্যুফাঁদে পড়তে বাধ্য করেছিল। রাজনৈতিক সুরক্ষা, প্রশাসনিক নীরবতা এবং দুর্নীতি ছাড়া অবৈধ খননকাজ চালানো সম্ভব নয়। রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতে শ্রমিকদের রক্তের দাগ লেগেছে।'(Abhishek slams NPP government)
মেঘালয়ে ক্ষমতায় রয়েছে ন্যাশনল পিপলস পার্টি। তৃণমূল সেখানে প্রধান বিরোধী দল। এই ঘটনায় অভিষেক শোকপ্রকাশ করে লেখেন, ‘শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। খনি পরিচালক থেকে শুরু করে এই আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী পর্যন্ত যাঁরা এই আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করেছে, তাঁদের অবশ্যই চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’




