তমলুক: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি চাওয়ার অভিযোগে আর কোনও রকম ছাড় দিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। উপভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা পুলিশের তরফে চালু করা হল একটি বিশেষ হেল্পলাইন নম্বর।(Anti-Corruption Helpline) কোনও সরকারি প্রকল্পে নাম তোলা, কাজ পাইয়ে দেওয়া বা সুবিধা মেলানোর নাম করে যদি কেউ টাকা দাবি করে, তাহলে সেই অভিযোগ সরাসরি পুলিশের কাছে জানানো যাবে।
তমলুকে সাংবাদিক বৈঠকে এই হেল্পলাইন পরিষেবার সূচনা করেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, সরকারি প্রকল্প সাধারণ মানুষের অধিকার। সেখানে বেআইনি লেনদেন বরদাস্ত করা হবে না। এদিন সাংবাদিকদের সামনে হেল্পলাইন নম্বর ৭০৪৭৯৮৯৮০০ প্রকাশ করা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন নম্বরে(Anti-Corruption Helpline) ফোন করে কাটমানি, প্রতারণা বা হুমকির অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রাথমিক তদন্ত শুরু করা হবে এবং অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হবে। পাশাপাশি পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা ১০০ দিনের কাজের মতো প্রকল্পে কাটমানির অভিযোগ বারবার উঠে আসছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই জেলা পুলিশের এই কড়া অবস্থান। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। সাধারণ মানুষকে ভয় না পেয়ে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। প্রকৃত অভিযোগকারীদের পাশে পুলিশ সবসময় থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এই উদ্যোগে সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়বে। এতদিন কাটমানির ভয়ে অনেকেই মুখ খুলতে পারেননি। এবার সেই পরিস্থিতি বদলাবে বলেই তাঁদের আশা।




