পাঞ্জাব: প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যার(Murder) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে পাঞ্জাবের জালন্ধরে মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, গুরুদ্বারের সামনে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই বাইক থেকে নেমে আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাকি ওবেরয় গাড়ি থেকে নেমে দাঁড়াতেই খুব কাছ থেকে একের পর এক গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই গুরুদ্বার চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।(Murder) স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জালন্ধর পুলিশ।
গুরুতর আহত অবস্থায় লাকিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাকি ও তাঁর গাড়িকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল।
নিহত লাকি ওবেরয় জালন্ধরের পরিচিত রাজনৈতিক নেতা ছিলেন। আম আদমি পার্টির সংগঠনের কাজে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় স্তরে দলের কর্মসূচি বাস্তবায়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মৃত্যুতে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
হামলার পর বাইকে চেপে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঠিক কতজন এই ঘটনায় জড়িত ছিল, তা এখনও নিশ্চিত নয়। অভিযুক্তদের শনাক্ত করতে গুরুদ্বার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত জোরদার করা হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।




