নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের পরে আমজনতার অবস্থার কোনো পরিবর্তন নেই৷ অন্তত রেপো রেটের(Repo Rate) চেহারা দেখে তো তাই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার সকালে আরবিআইয়ের তরফে জানানো হয়, রেপো রেট অপরিবর্তিত থাকছে। ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। আপাতত সেটাই কার্যকরী থাকবে। অর্থাৎ গাড়ি-বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। সুরাহা মিলছে না আমজনতার।
গত বছর জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট(Repo Rate) কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই। কিন্তু ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়।
দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত তিনদিন ধরে বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। বিশ্লেষকরা বলছেন, গত বছরে রেপো রেট বেশ কিছুটা কমানো হয়েছে। সাম্প্রতিক বাজেট এবং ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল, সেটা খতিয়ে দেখতে শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট।




