উত্তরপ্রদেশ: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার জেরে উত্তরপ্রদেশের মৈনপুরি জেলায় এক শিক্ষিকার উপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষিকার ঠোঁট গুরুতরভাবে জখম হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পড়ুয়া পলাতক।(Crime in Uttar Pradesh) পুলিশ তাকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অখণ্ড প্রতাপ আগ্রা রোড সংলগ্ন একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত। অভিযোগ, ওই স্কুলে পড়ার সময় থেকেই সে এক শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শিক্ষিকা সেই প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত নিজের আচরণে কোনও পরিবর্তন আনেনি। বরং নিয়মিত তাঁকে অনুসরণ করা এবং মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এই হেনস্থার জেরে শিক্ষিকা শেষ পর্যন্ত ওই স্কুল ছাড়তে বাধ্য হন বলে দাবি পরিবারের। পরে তিনি অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন। কিন্তু স্কুল পরিবর্তন করলেও অভিযুক্ত তাঁকে ছেড়ে দেয়নি। অভিযোগ, নতুন কর্মস্থলেও তাঁকে অনুসরণ করে জোর করে কথা বলার চেষ্টা চালাত অভিযুক্ত।(Crime in Uttar Pradesh)
পরিবারের তরফে আরও জানানো হয়েছে, বিষয়টি আগেই অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, এরপর অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে ওঠে। ভয়াবহ এই ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি। জানা গিয়েছে, ওই দিন এক ছাত্রকে পড়াতে যাওয়ার পথে জ্যোতি তিহারা এলাকায় শিক্ষিকাকে আটকায় অভিযুক্ত। জোর করে কথা বলার সময় শিক্ষিকা বাধা দিলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, সেই সময়েই তাঁর ঠোঁট কেটে দেওয়া হয়।
প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই হামলার দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে এবং তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় শিক্ষিকাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনায় গত ১ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় শিক্ষিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। যৌন হেনস্থা ও প্রাণঘাতী হামলার অভিযোগে মামলা রুজু হয়েছে। কোতোয়ালি থানার আধিকারিক ফতে বাহাদুর সিং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।




