কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য ভোটের আগে বড় সুখবর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয় মেয়াদের শেষ অধিবেশনে ঘোষণা করা হয়েছে ৪ শতাংশের ডিএ(Dearness Allowance) বৃদ্ধি। বৃহস্পতিবার বঙ্গ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেটের মূল আকর্ষণ ছিল সরকারি কর্মীদের বেতন ও ডিএ সংক্রান্ত ঘোষণা।
অর্থমন্ত্রীর ঘোষণার অনুযায়ী, ১লা এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ(Dearness Allowance) কার্যকর হবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, যা এবার বাড়বে ২২ শতাংশে। সরকারি কর্মীরা জানিয়েছেন, এই বৃদ্ধির ফলে তাদের মাসিক ব্যয় ও জীবনের মান উন্নয়নে সাহায্য হবে। ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক ৪০ শতাংশ ছিল। নতুন ঘোষণার পর এই ফারাক কমে দাঁড়ালো ৩৬ শতাংশে।
এছাড়াও বাজেটে ঘোষণা করা হয়েছে, সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। ষষ্ঠ পে কমিশনের কার্যকাল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করবে। অর্থমন্ত্রী জানান, সরকার কর্মীদের দাবি ও চাহিদার প্রতি সংবেদনশীল।




