রাজস্থান: রুপোর গয়না লুটের লোভে মধ্যরাতে দুঃসাহসিক অপরাধের ঘটনা ঘটল রাজস্থানের ভিলওয়ারা জেলার কোঠিয়া গ্রামে।(Rajasthan Crime) ৯০ বছর বয়সি এক বৃদ্ধাকে খাটিয়া সমেত অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে আরওয়াদ থানার অন্তর্গত কোঠিয়া গ্রামের প্রাক্তন সরপঞ্চ নাথিদেবী মালির বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে একদল দুষ্কৃতী। তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন।
ঘটনার সময় বাড়ির বারান্দায় খাটিয়াতে ঘুমাচ্ছিলেন নাথিদেবীর শাশুড়ি ছোটি দেবী। অভিযোগ, তাঁর শরীরে থাকা বিপুল পরিমাণ রুপোর গয়না দুষ্কৃতীদের নজরে পড়তেই তাঁকে নিশানা করা হয়। জানা গিয়েছে, বৃদ্ধার গায়ে প্রায় দেড় কেজি রুপোর গয়না ছিল। সম্প্রতি রুপোর দাম বাড়ায় এক কেজির বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকায় পৌঁছেছে।
দুষ্কৃতীরা বৃদ্ধার মুখে কাপড় গুঁজে দিয়ে খাটিয়া সমেত তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।(Rajasthan Crime) পরে পরিবারের সদস্যদের ঘুম ভাঙতেই তাঁরা নিজেদের ঘরের ভিতরে বন্দি অবস্থায় দেখতে পান। আতঙ্কে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দরজা ভেঙে পরিবারের লোকজনকে উদ্ধার করা হয়। কিন্তু তখনও ছোটি দেবীর কোনও খোঁজ পাওয়া যায়নি।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে গ্রামের কাছের একটি ফাঁকা মাঠে হাত-পা বাঁধা অবস্থায় ছোটি দেবীকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের তৎপরতায় ভয় পেয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং তারা রুপোর গয়না লুট করতে পারেনি।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করা হবে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।




