মেঘালয়: বেআইনি কয়লা খনিতে(Illegal Coal Mine) ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের থাংসকু এলাকায় একটি অবৈধ কয়লা খনির ভিতরে আচমকা বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। খনির ভিতরে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।
মেঘালয় পুলিশের ডিজি আই নংরাং জানান, বিস্ফোরণের সময় খনির(Illegal Coal Mine) ভিতরে মোট কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে খনির ভিতরের অন্ধকার, সংকীর্ণ সুড়ঙ্গ এবং অক্সিজেনের স্বল্পতা উদ্ধারকাজকে জটিল করে তুলেছে।
পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার পুলিশ সুপার জানান, বেআইনি ভাবে কয়লা উত্তোলনের কাজ চলাকালীনই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, খনির ভিতরে জমে থাকা দাহ্য গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বেআইনি খননের সঙ্গে যুক্তদের চিহ্নিত করার কাজও চলছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই দুর্ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বেআইনি কয়লা খননের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে উদ্ধারকাজ এখনও চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খনির ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।




