ওড়িশা: রেল দুর্ঘটনা ওড়িশায়৷ বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা ৫১ মিনিট নাগাদ জাজপুর জেলার জাখাপুরা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত(Train Derailed) হয় নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। চেন্নাইয়ের এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। আচমকা তিনটি বগি ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায়। এর মধ্যে একটি এসি কোচ এবং দুটি জেনারেল কোচ রয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
দুর্ঘটনার(Train Derailed) সময় ট্রেনের ভিতরে জোরে ঝাঁকুনি অনুভূত হয়। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকার শুরু করেন, আবার অনেকে নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করেন। শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি দেখা যায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
রেল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রক থেকে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলি পরীক্ষা করা হচ্ছে এবং রেললাইনের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসা, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে মোট ২১টি বগি ছিল, যার মধ্যে ১০টি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। দুর্ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। রেললাইন সংক্রান্ত ত্রুটি, যান্ত্রিক গোলযোগ অথবা সিগন্যাল সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।




