কলকাতা: সমাপ্ত হয়েছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।(Kolkata Book Fair) এবছর বইমেলা শেষ হল রেকর্ড ভিড় এবং বিক্রির উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হয়ে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবছর বই বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ, যা প্রকাশক মহলে আশার আলো দেখাচ্ছে।
গতবার যেখানে বইমেলায় মোট দর্শকসংখ্যা ছিল আনুমানিক ২৭ লক্ষ, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ লক্ষে। অর্থাৎ প্রায় ৫ লক্ষ অতিরিক্ত বইপ্রেমী এবছর মেলায় এসেছেন। প্রকাশকদের মতে, বইয়ের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ এবং সামাজিক মাধ্যমে বইমেলার প্রচার—এই দুইয়ের প্রভাবেই এবছর ভিড় বেড়েছে।
বই বিক্রির নিরিখে এবছরও শীর্ষস্থান দখল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। হাজারও স্টলের ভিড়ে ‘জাগোবাংলা’ স্টল ছিল পাঠকদের বিশেষ আকর্ষণ। এখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বই বিক্রি হওয়ায় স্টলের বিক্রির পুরো অংশই তাঁর বইয়ের উপর নির্ভরশীল ছিল।
জাগোবাংলা স্টলের দায়িত্বে থাকা তৃণমূল সাংসদ দোলা সেন জানিয়েছেন, এবছর মুখ্যমন্ত্রীর লেখা নতুন ৯টি বই প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আগের প্রকাশিত দেড়শোরও বেশি বইয়ের চাহিদাও ছিল অত্যন্ত বেশি। অনেক পাঠক একসঙ্গে একাধিক বই কিনেছেন, ফলে এবছর ‘৩ ব্যাগ মমতা’ কথাটি বইমেলার আলোচনায় উঠে আসে।(Kolkata Book Fair)
বইয়ের পাশাপাশি এবছর আলাদা করে নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে তৈরি গানভরা পেনড্রাইভ। একসময় তাঁর লেখা ছোটদের ছড়ার সংকলন গোল্ডেন ডিস্ক পেয়েছিল। সেই ছড়াগুলি এবার সঙ্গীতের আকারে প্রকাশিত হওয়ায় সঙ্গীতপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া মিলেছে।




