নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে সম্ভাব্য অশান্তির ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সঙ্গে যুক্ত দুই ‘স্লিপার সেল’(Sleeper Cell) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বলজিন্দর ও রোহিত। পুলিশের দাবি, রাজধানীতে খলিস্তানপন্থী কার্যকলাপ চালিয়ে আতঙ্ক ছড়ানোই ছিল তাঁদের উদ্দেশ্য।
তদন্তে জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের কয়েকদিন আগে দিল্লির দুটি এলাকায় ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখা হয়। এই কাজের জন্য অভিযুক্তদের ২ লক্ষ টাকা দেওয়া হয়। নির্দেশ আসে কানাডায় থাকা পান্নুন ঘনিষ্ঠ এক খলিস্তানি জঙ্গির কাছ থেকে। ওই ব্যক্তি দিল্লির তিলক নগরের বাসিন্দা হলেও ঘটনার আগেই দেশ ছেড়ে কানাডা চলে যায়। ধৃতদের মধ্যে একজন পেশায় অ্যাম্বুল্যান্স চালক। সাধারণ মানুষের আড়ালে থেকে সে খলিস্তানি নেটওয়ার্কের হয়ে কাজ করছিল বলে অভিযোগ। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এভাবেই স্লিপার সেল(Sleeper Cell) সদস্যরা শহরের ভিড়ে মিশে থেকে সুযোগ বুঝে সক্রিয় হয়।
পুলিশ জানিয়েছে, শুধুমাত্র স্লোগান লেখাই নয়, এর আড়ালে বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের মোবাইল ফোন, আর্থিক লেনদেন ও বিদেশি যোগাযোগ পরীক্ষা করে খলিস্তানি নেটওয়ার্কের আরও সদস্যদের সন্ধান চলছে।




